টেক্সবিজের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ‘ওলিগার্কি’

পরপর দুই বছরের সাফল্যের পর আয়োজিত হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট টেক্সবিজের ৩য় আসর। সম্প্রতি ঢাকার বাংলামোটরে অবস্থিত ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল আইবিএর ‘ওলিগার্কি’। বাংলাদেশের বৈদেশিক আয়ের ৮৩ শতাংশ ধারণ করে টেক্সটাইল শিল্প। আর এই টেক্সটাইল খাতের উপস্থিত সমস্যা এবং সামনের আগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি কারাখানার ব্যবসা বিষয়ক শিক্ষার ধারণা দেওয়ার জন্য গত দুই বছর যাবত টেক্সবিজ আয়োজন করে আসছে বুটেক্স বিজনেস ক্লাব। এবারের আসরে একই বিশ্ববিদ্যালয়ের ৩/৪ জন মিলে দল গঠন করে প্রতিযোগিতায় নামেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৫টি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল কলেজগুলো থেকে মোট ১৭৭ টি দল অনলাইনে রেজিস্ট্রেশন করে । রেজিস্ট্রেশনের পর ১৯ তারিখ সব দলকে একটি কেস দেওয়া এবং উক্ত কেসের সলিউশন সাবমিশনের শেষ দিন ছিল ২১ তারিখ। অনলাইন রাউন্ডের রেজাল্ট দেওয়া হয় মোট ২৮টি দলকে নিয়ে আয়োজিত হয় অন স্পট কেইস সলভিং ও প্রেজেন্টেশন রাউন্ড। ৩টি ধাপে আয়োজিত হয় এবারের টেক্সবিজ। প্রথমে ইন্ট্রা ফেইজ, এ ধাপটিতে শুধু বুটেক্সের বর্তমান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং প্রথম ৫টি দল পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা লাভ করে। ২য় ধাপটি সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এই ধাপে পূর্ববর্তী নির্বাচিত ৫টি দলসহ মোট ২৮টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে গ্র্যান্ড ফিনালের জন্য ৮টি দল নির্বাচিত হয়। ৩য় ধাপে অর্থাত্ গ্র্যান্ড ফিনালেতে বাকি ৭টি দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে  ‘ওলিগার্কি’। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন মাযহারুল আহমেদ রুমন (সিইও, নাজ করপোরেশন), মো. আমানুর রহমান (ম্যানেজিং ডিরেক্টর ডাইসিন-ক্যাম লিমিটেড),  মো. আব্দুল মতিন ইমন (ফাউন্ডার, এমডিসিইও, ডক্টোরোলা.কম), ড. আব্বাস উদ্দিন শায়খ (সহ. অধ্যাপক, ডাইস অ্যান্ড কেমিক্যাল ডিপার্টমেন্ট, বুটেক্স)। এই ইভেন্টের প্রিন্ট মিডিয়া হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক।