লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ) বুধবার (২৫ মার্চ) এই বর্বরোচিত হামলার খবর নিশ্চিত করেছে। 

খবরে বলা হয়েছে, সিডন এলাকার একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির এবং নিকটবর্তী শহরগুলোতে  এই হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিডন শহরের কাছে অবস্থিত ‘মিহ মিহ’ ফিলিস্তিনি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এই হামলায় ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হন। 

এছাড়া আদলুন নামক স্থানে ‘ইসরায়েলি শত্রু বাহিনীর’ হামলায় আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। পৃথক আরেকটি শহরে হামলায় আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরে এই ধরনের আঘাত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে লেবানন সরকার। অন্যদিকে, ইসরায়েল দাবি করে আসছে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।