চুয়াডাঙ্গায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শহিদুল ঢালি (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) দুজনকে আটক করেছে পুলিশ। 

নিহত শহিদুল ঢালি (৪৫) দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মওলা ঢালির ছেলে। আটকরা হলেন, গ্রামের আ. জলিল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও আ. বারিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি পরিবারের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে শহিদুল ঢালি মারাত্বক আহত হন। এতে  রক্তাক্ত জখম হন অন্তত আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ বুধবার ভোরে শাহিদুল ঢালি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি মো. শেখ মেজবা উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি নিয়ে বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মরদেহ খুলনা হাসপাতালে রাখা আছে। আহতদের মধ্যে বাকিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।