চাঁদার দাবিতে এক তরমুজ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে ২৪ মার্চ মঙ্গলবার তিন আসামির নাম উল্লেখ করে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন তরমুজ বিক্রেতা আবু বকর সিদ্দিক।
সিদ্দিক বগুড়া জেলার গাবতলী থানার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের মৃত ভেদা চন্দ্রর ছেলে।
গ্রেপ্তাররা হলেন, ধল্লা লক্ষীপুর গ্রামের আকবর মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও মৃত ইস্রাফিল মিয়ার ছেলে মো. কিয়ামুদ্দিন।
তাছাড়া এ ঘটনায় দক্ষিণ ধল্লা চরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. সুজন মিয়া (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাভারের হেমায়েতপুর এলাকায় বাসা ভাড়া থেকে সিংগাইর উপজেলার বিভিন্নস্থানে ভ্যান গাড়িতে করে তরমুজ ফল বিক্রি করেন তিনি। ঘটনার দিন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা লক্ষীপুর জামে মসজিদের সামনে ভ্যানগাড়িতে করে তরমুজ বিক্রি করছিলেন। এ সময় অভিযুক্ত ওই তিন যুবক তার কাছে তরমুজ বিক্রির ৯ হাজার টাকা চাঁদা হিসেবে টাকা দাবি করেন। এতে তিনি রাজি না হলে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তিন জনকে আটক করলেও একজন পালিয়ে যায়।
একজন পালিয়ে যাওয়া এবং দুই জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়া হয়েছে। বুধবার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।