চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতায় আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বুধবার (২৫ মার্চ) একদিনেই আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গমন ও দুটি আগমনী ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বহির্গমন এবং এয়ার আরাবিয়ার একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।

তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল সচল রয়েছে। বুধবার বিভিন্ন এয়ারলাইন্সের আটটি আগমনী ও চারটি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছে। কিন্তু সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে আজ পর্যন্ত মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংঘাতময় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।