কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ বছর বয়সী কলেজ ছাত্র আরিয়ান সাব্বির নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরিয়ান কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।