বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের পরিচয়, স্বাধীনতা বাঙালির স্বপ্ন। কিন্তু একটি দল মুক্তিযুদ্ধকে প্রশ্ন বিদ্ধ করতে চায়, বিতর্কিত করতে চায়।
তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, এদেশে তারা ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। স্বাধীনতাকে ভুলিয়ে একটি গোষ্ঠীর উত্থান হচ্ছে। একটি দল ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ নেই। তাই মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। তা নাহলে ধর্মকে ভিত্তি করে রাজনৈতিক সৃষ্ট দল বিজয়ী হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করলে মুক্তিকামী মানুষ হতাশ হয়ে পড়ে ঠিক সেই সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে এদেশের মানুষ সাহস ও নির্ভরতা খুঁজে পায় এবং মহান মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ ছিল মূলত জনযুদ্ধ। সেই যুদ্ধে এদেশের কৃষক, কামার মজুরের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। তারা কোনো কিছু পাওয়ার আশায় নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব মালিকানায় পরিণত করেছিল।
মন্ত্রী আরো বলেন, ‘কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি। স্বাধীনতা ছিল বাঙালির স্বপ্ন, আত্মার টান বাঙালির অস্তিত্ব। কিন্তু আমাদের দুর্বলতার কারণে স্বাধীনতা বিরোধীরা সুযোগ নিচ্ছে। ধর্মকে হাতিয়ার করে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।’ তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের আলবদর, আল-সামস ও রাজাকারদের ভুলে গেলে চলবে না। আপনাদের তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’ মন্ত্রী এ সময় আরো বলেন, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সুশৃঙ্খলভাবে প্রয়োজনীয় তেল সংগ্রহ করার জন্য তিনি আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল।