কানাডায় ভয়াল কালরাত্রি পালিত

কানাডার টরন্টোতে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার স্মরণে ‘ভয়াল কালরাত্রি’ পালন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ মিনারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত স্মরণী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডেনফোর্থস্থ বাংলা টাউনে রাত ৯টায় মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এবং শহীদদের স্মরণে শোক প্রকাশ করেন।

মনিস রফিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়জুল করিম, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শওগত সাগর, হিমাদ্রী রায়, দেলওয়ার এলাহীসহ অনেকে। ‘আগুন বুকে মিলিত হই আলোর মিছিলে’ শীর্ষক এ আয়োজনে বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম তাদের কার্যালয়ে প্রখ্যাত নির্মাতা হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ প্রদর্শনের আয়োজন করেছে। সংগঠনটি গত এক দশক ধরে মার্চ মাসজুড়ে বিভিন্ন স্মরণীয় কর্মসূচি পালন করে আসছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে টরন্টো ঢাকা ক্লাবের উদ্যোগে কুইন্স পার্কে অবস্থিত অন্টারিও প্রাদেশিক সংসদ ভবনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উল্লেখ্য, অন্টারিও প্রাদেশিক সরকার ২০১৬ সালে মার্চকে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর সংসদ ভবনে বাংলাদেশের পতাকা উত্তোলনের প্রথা চালু রয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে টরন্টো ও আশপাশে বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরতে নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলার অফিস, অন্যস্বর টরন্টো, অন্যথিয়েটার টরন্টো এবং বাংলাদেশ সেন্টার উল্লেখযোগ্য।

এদিকে সাবেক প্রাদেশিক সাংসদ ডলি বেগম এক বার্তায় প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।