মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইরানের সামরিক বাহিনী। 

শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, যখন আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকান হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকানদের আমাদের উপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও আঘাত হানতে হবে।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সাধারণ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন সেনারা জিসিসির বিভিন্ন সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে তিনি এ অঞ্চলের হোটেলগুলোকে আমেরিকান সেনাদের বুকিং না নেওয়ার আহ্বান জানান।