নাম অ্যান্ডি মিলনে। ৬২ বছর বয়সী এই ব্যক্তি পুরোপুরি একজন ফুটবলপ্রেমী। ১৯৮২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ছেলেদের আটটি আর মেয়েদের একটিসহ মোট ৯টি ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখেছেন তিনি। এবার মিলনের সামনে সুযোগ দশম বিশ্বকাপ দেখার।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া এবারের বিশ্বকাপ আগের যেকোনো সময়ের চেয়ে বেশ খরুচে। তবুও দশম বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখার সুযোগটি হাতছাড়া করতে চান না মিলনে। আর তাই টাকা জোগাড় করতে নিজের একটি বাড়ি বিক্রি করে দিচ্ছেন তিনি।
মিলনে থাইল্যান্ডে বসবাসরত একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ইংল্যান্ড দলের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপের সময় ইংল্যান্ডের জার্সি পরে উল্লসিত ভঙ্গিতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি হাতে তার একটি ছবি সে সময় ভাইরাল হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুন–জুলাইয়ে উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে যাওয়ার খরচ মেটাতে মিলনে চেশায়ারের নর্থউইচে থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
বাড়ি বিক্রির প্রসঙ্গে দ্য মিররকে মিলনে বলেন, ‘বাড়িটি বাজারে তোলার কারণ আমি এটি বিক্রি করে বিশ্বকাপে যাচ্ছি। কাতারে গত আসরটি ছিল আমার নিজেকে দেওয়া উপহার, যার জন্য আমি বছরের পর বছর ধরে সঞ্চয় করেছিলাম। আর গত ২৭ বছর আমি এই বাড়িটির মালিক। এখনই বিক্রি করে দেওয়ার সেরা সময় মনে হয়েছে।’
এবার সাত সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকবেন মিলনে। ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের টিকিটও এরই মধ্যে সংগ্রহ করেছেন তিনি। তবে আবাসনের জন্য বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন এই ফুটবলপ্রেমী। মিলনে বলেন, ‘আমি সব সময় সস্তায় কাজ সারার চেষ্টা করি। যেখানে সম্ভব আমি ‘কাউচ সার্ফ’ (বন্ধুবান্ধব বা পরিচিতদের বাসায় থাকা) করবো। সৌভাগ্যবশত মেক্সিকো, ডালাস এবং ভ্যানকুভারে আমার কিছু বন্ধু আছে।’