স্বীকার করতেই হবে, আর্জেন্টিনা ভালো খেলেনি: স্কালোনি

উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার থেকে শক্তির বিচারে অনেক এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের থেকে ১১২ ধাপ এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। তবে এমন পুচকে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে তেমন দাপট দেখাতে পারেনি তারা।

শেষমেষ ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি স্বীকার করলেন, মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটাই বাস্তব। এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’

মৌরিতানিয়ার বিপক্ষে পুরো ম্যাচ খেলননি লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামান স্কালোনি। শুরুর একাদশে মেসিকে না রাখা প্রসঙ্গে এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘মাঝেমধ্যে আমরা যখন ভিন্ন কিছুর চেষ্টা করি, দলের পারফরম্যান্স খারাপ হতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত সময় হাতে না থাকে।’