জামালপুরে তেল মজুদ রেখেও বিক্রি না করায় সড়ক অবরোধ, ডিলারকে জরিমানা

জামালপুরে তেল মজুদ থাকার পরেও বিক্রি না করায় জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জরিমানা আরোপ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে পিটিআই মোড়ের ওই ডিলারের সামনে জ্বালানি তেলের জন্য শতশত মোটরসাইকেল চালক ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয় তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসন ও পুলিশ।

পরে সরেজমিনে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে আতঙ্কে দোকান মালিক তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানান। বর্তমানে মজুদ থাকা তেল গ্রাহকদের মাঝে বিক্রি করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, দোকানে তল্লাশি চালিয়ে মজুদ তেল পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি শুরু হয়।