ভোলা বোরহানউদ্দিন ৩৩ কেভি পুরাতন লাইনের আইসুলেটরের তামার প্লেট চুরি করতে এসে ধরা পড়েছে সুমন (২৭) নামে এক যুবক। চুরি সময় শর্ট সার্কিটে তিনি আহত হলে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ওজোপাডিকো (পাওয়ার হাউজ) কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বলেন, পাওয়ার হাউজ কম্পাউন্ডের ভিতরে আমাদের নিয়ন্ত্রিত অংশটুকু সংরক্ষিত থাকলেও পিডিবির আবাসিক অংশ সবসময়ই অরক্ষিত থাকে। সেই সুযোগেই চুরির মতো ঘটনাগুলো ঘটে। তবে এ ঘটনায় চোর শর্ট সার্কিটের আঘাত পেয়ে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাওয়ার হাউজের সদর প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, এর আগেও কয়েকবার চোর চক্রটি প্রায় ৮-১০লাখ টাকার মালামাল চুরি করেছে এবং থানায় মামলাও করা হয়েছে।