নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামে এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

জানা যায়, গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ‌্য হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার দিবাগত রাতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।