যোগদানের মাত্র চারদিনের মধ্যেই মাদারীপুরের শিবচর থানার ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের।
এর আগে ২৪ মার্চ ওসি হিসেবে শিবচর থানায় যোগদান করেন মো. আমির হোসেন সেরনিয়াবাত। পরে শনিবার তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়।
জানা গেছে, শিবচর থানায় ওসি গত মঙ্গলবার থেকেই দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে চারদিনের মাথায় ওসি প্রত্যাহারের ঘটনাটি ‘স্বাভাবিক বদলি’ বলে দাবি করেছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্য একজন যোগদান করবেন।’