তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী এলাকায় বালু উত্তোলনের সময় পাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার জালরটেক বাঁশবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত মিয়া (৪০) বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর (বাগগাঁও) গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাদুকাটা নদীর ঘাগটিয়া (জালরটেক) এলাকায় নদীর তীর কেটে বালু উত্তোলনের সময় হঠাৎ পাড় ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক বালুর নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও লিয়াকত মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিষয়টি তারা জেনেছেন, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।