ফরিদপুরে বন্ধ ফিলিং স্টেশনে মিললো তেল, জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংকের ভেতর ৩৫০ লিটার তেল পাওয়ায় আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম পাম্প মালিককে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে। পাশাপাশি উদ্ধার হওয়া তেল গ্ৰাহকদের মধ্যে দ্রুত বিক্রির নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ফুয়েল পাম্প স্টেশন ও খোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্র জানায়, অভিযানে সুগন্ধা ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল সরবরাহ বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে, পেট্রোল ট্যাংক পরিদর্শনকালে বেশ কিছু পরিমাণ পেট্রোল অবশিষ্ট পাওয়া যায়। এই প্রেক্ষিতে সুগন্ধা ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী’ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

এসময় পাশেই অবস্থিত ‘কণা ফিলিং স্টেশনটি’ অভিযান পরিচালনাকালে বন্ধ পাওয়া যায়। পরে ট্যাংক পরিদর্শনকালে মালিকপক্ষের দাবির সত্যতা পাওয়া যায় এবং ট্যাংকগুলো তেলশূণ্য পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে জনস্বার্থে ততদিন অভিযান অব্যাহত থাকবে।