মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়—বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক অর্থনীতির ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। এই সংঘাতের প্রতিটি ধাপ স্পষ্ট করে দিচ্ছে—বিশ্ব আর আগের মতো নেই; একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা জন্ম নিচ্ছে, যেখানে প্রচলিত শক্তির আধিপত্য আর স্বতঃসিদ্ধ নয়।

যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট : নেতৃত্বের শূন্যতা স্পষ্ট
ইতিহাসে প্রথম বারের মতো যুক্তরাষ্ট্র কার্যত মিত্রবিহীন অবস্থায় একটি বড় সামরিক সংঘাতে জড়িয়েছে। ন্যাটো কিংবা আঞ্চলিক অংশীদাররা কেউই সরাসরি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি। এটি শুধু মার্কিন নেতৃত্বের প্রতি আস্থাহীনতার প্রতিফলন নয়—বরং বহু মেরু বিশ্বব্যবস্থার উত্থানের কঠিন বাস্তবতা। এই দেশগুলো—বিশেষ করে সৌদি আরব, ইউএই, কাতার ও বাহরাইন—ইতিমধ্যেই মনে করছে যে, ইরানের আক্রমণ তাদের ভূখণ্ডে নেমে এসেছে মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে। এই আস্থাহীনতা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নেতৃত্বকে আরো দুর্বল করে তুলছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে । যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কূটনৈতিক সমাধানের পথ আরো সংকুচিত হয়েছে।
ইরানের হুমকি এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক অবকাঠামো পর্যন্ত বিস্তৃত–বাব আল মান্দেব প্রণালি বন্ধ করা কিংবা সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপ বিশ্ব বাণিজ্য ও যোগাযোগব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। বাস্তবে ইরান একটি বিকেন্দ্রীভূত, স্থিতিস্থাপক এবং প্রযুক্তিনির্ভর সামরিক কাঠামো গড়ে তুলেছে, যার কেন্দ্রবিন্দু ‘মোজাইক ডকট্রিন'-ছোট ইউনিট, দ্রুত সিদ্ধান্ত এবং বহুমুখী আক্রমণ ।

ইসরায়েলের পাঁচ স্তরের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানা সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এটি দেখিয়েছে—প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যৎ যুদ্ধে কার্যকর না-ও হতে পারে। শুধু আকাশ অভিযান দিয়ে কোনো রাষ্ট্রকে পরাজিত করা সম্ভব নয়—এই সত্য আবারও প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্র এখন একটি ‘এসকালেশন ট্র্যাপ'-এ আটকে গেছে, যেখানে পিছু হটা মানে কৌশলগত পরাজয়, আর এগিয়ে যাওয়া মানে আরো গভীর সংঘাতে জড়িয়ে পড়া ।
ইরানের প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া সরাসরি যুদ্ধে অংশ নেওয়ায় সংঘাত আঞ্চলিক থেকে বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত হয়েছে।

দিয়েগো গার্সিয়া : বৈশ্বিক কৌশলগত বার্তার কেন্দ্রবিন্দু
ইরানের ৪ হাজার কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের চেষ্টা সাম্প্রতিক সংঘাতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি। যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যের যৌথ এই ঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন শক্তি প্রক্ষেপণের সবচেয়ে নিরাপদ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে । ইরান সেই নিরাপত্তাবলয় ভেদ করতে সক্ষম হয়েছে—এটি আন্তর্জাতিক নিরাপত্তাস্থাপত্যের জন্য এক নতুন সতর্কবার্তা ।

ইরান যদি দিয়েগো গার্সিয়া আঘাত করতে পারে, তাহলে ইউরোপও আর নিরাপদ নয়। দিয়েগো গার্সিয়া আঘাতের সক্ষমতা প্রমাণ করে যে, ইরানের মিসাইল রেঞ্জ কার্যত—
ইউরোপের বড় অংশ, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো— সবকিছুকে হুমকির আওতায় আনতে পারে । এটি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়—এটি ইন্টার- কনটিনেন্টাল নিরাপত্তাসংকট।

যুক্তরাষ্ট্রের একালেশন ট্র্যাপ : সংকট থেকে বের হওয়ার পথ সংকুচিত
যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায়, যেখানে—ক. পিছু হটা মানে কৌশলগত পরাজয়, খ. এগিয়ে যাওয়া মানে আরো গভীর সংঘাতে জড়িয়ে পড়া, গ. আঞ্চলিক যুদ্ধ বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বে যুদ্ধ পরিচালনা কেবল আরো অস্থিতিশীলতা তৈরি করবে ।

পাকিস্তান উদ্যোগ : আন্তর্জাতিকীকরণের পথে একটি প্রাথমিক ধাপ
বর্তমান সংকটের প্রেক্ষাপটে পাকিস্তানের উদ্যোগকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার কোনো কারণ নেই। বরং এটিকে একটি প্রাথমিক কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে— যা শেষ পর্যন্ত বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে। পাকিস্তান আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে অবগত এবং ইরানের সঙ্গে তাদের যোগাযোগের সক্ষমতা একটি প্রাথমিক সংলাপের সুযোগ সৃষ্টি করতে পারে ।

তবে এই উদ্যোগকে চূড়ান্ত সমাধান হিসেবে দেখা উচিত নয় । মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এতে বহু পক্ষের স্বার্থ জড়িত । বিশেষ করে এই দেশগুলো সাম্প্রতিক আক্রমণের সরাসরি প্রভাব অনুভব করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে আরো স্পষ্টতা প্রত্যাশা করবে। একইভাবে, ইউরোপীয় মিত্ররা ইরানের দীর্ঘ-পাল্লার সক্ষমতার কারণে নতুন নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি ।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানানো যেতে পারে—কিন্তু এটি হওয়া উচিত একটি বৃহত্তর আন্তর্জাতিক প্রক্রিয়ার সূচনা, যার পরবর্তী ধাপ হবে বিষয়টিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাওয়া। সেখানে ভেটো- রাজনীতির বাইরে বৃহত্তর আন্তর্জাতিক ঐকমত্য গঠনের সুযোগ রয়েছে, যা যুক্তরাষ্ট্রকে একক দায় থেকে মুক্ত করবে এবং সংকট সমাধানে বহুপাক্ষিক কাঠামোকে শক্তিশালী করবে।

অতএব, পাকিস্তানের ভূমিকা একটি উপযোগী সূচনা, কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা এবং জাতিসংঘের প্ল্যাটফরমে একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা।

অনিশ্চয়তার এক নতুন অধ্যায়
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়—এটি বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস, সামরিক কৌশলের রূপান্তর এবং অর্থনৈতিক অস্থিরতার সূচনা। নতুন বিশ্বব্যবস্থা গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে প্রচলিত শক্তির আধিপত্য চ্যালেঞ্জের মুখে এবং উদীয়মান শক্তিগুলো নতুন বাস্তবতা তৈরি করছে।

এই পরিস্থিতিতে কূটনৈতিক প্রজ্ঞা, আঞ্চলিক সংলাপ এবং বহুপাক্ষিক সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যথায় বিশ্ব আরো গভীর সংঘাত, অর্থনৈতিক মন্দা এবং অনিশ্চয়তার দিকে এগোবে ।

লেখক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা