মা-বাবার বিরুদ্ধে মাদকের টাকা জোগাতে ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি চেষ্টার অভিযোগ

দিনাজপুরে মাদকের টাকার জোগান দিতে নিজেরই ২৪ দিনের নবজাতক শিশুকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালিয়েছে এক দম্পতি। ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে শিশুটির হাতের আঙুল কেটে ফেলা ও শরীরে আগুনের ছ্যাকা দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই মা খাদিজা বেগম শিশুটির ওপর নির্যাতন চালাতেন। মা-বাবা উভয়ই মাদকাসক্ত হওয়ায় শিশুটিকে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামানোর পরিকল্পনা করে তারা। তাদের ধারণা ছিল পঙ্গু শিশুকে দেখে মানুষের সহানুভূতি বেশি পাওয়া যাবে। এজন্য শিশুটির হাতের আঙুল কেটে দেওয়া হয়। পরে বাবা সাগর হোসেন বিচ্ছিন্ন অংশগুলো পুকুরে ফেলে দিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি জানানো হলে তারা শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাওহীদ জামান জানান, শিশুটির শরীরে গুরুতর আঘাত এবং সংক্রমণের লক্ষণ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।