জ্বালানি সংকটে চরভদ্রাসনে ২ সপ্তাহ ধরে বন্ধ যাত্রীবাহী স্পিডবোট

ফরিদপুরের চরভদ্রাসনে জ্বালানি তেল সংকটের কারণে গোপালপুর-মৈনুট ঘাট রুটে গত দুই সপ্তাহ ধরে স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী বর্তমানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অল্প সময়ে ঢাকা যাতায়াতকারী চাকুরিজীবীরা পড়েছেন বিপাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘাট দিয়ে প্রতিদিন ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্পিডবোটে নদী পার হতে সময় কম লাগায় ভোরে সাড়ে ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাকুরিজীবী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা এই মাধ্যমটিই বেশি ব্যবহার করেন। কিন্তু গত ১৪ দিন ধরে তেল সংকটে বোট চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন চালকরাও, যারা বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

​বিকল্প যাতায়াতে ধীরগতি বর্তমানে এই রুটে বিআইডব্লিউটিএ-এর অধীনে লঞ্চ চলাচল চালু থাকলেও তা যাত্রীদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।​ লঞ্চে নদী পার হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে, যা স্পিডবোটের তুলনায় অনেক বেশি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক ঘণ্টা পরপর লঞ্চ ছেড়ে যায়।

নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতা ও ধীরগতির কারণে অফিসগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ​প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর অভিযোগ, দুই সপ্তাহ ধরে জনগুরুত্বপূর্ণ এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

বিভাগীয় কমিশনারের অধীনে ও উপজেলা প্রশাসনের তদারকিতে এই ঘাট পরিচালিত হওয়ার কথা থাকলেও তেলের সংকট নিরসনে কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

ভুক্তভোগী এক চাকুরিজীবী জানান, ‘আমরা নিয়মিত এই পথে ঢাকা যাতায়াত করি। হঠাৎ স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের প্রতিদিনের রুটিন ও কর্মক্ষেত্রে উপস্থিতি ব্যাহত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।’