সিঙ্গাপুর ম্যাচের একাদশে ফিরলেন গোলরক্ষক মিতুল

এশিয়ান কাপ বাছাইয়ে আজ শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে পাঁচ দিন আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক হিসেবে মেহেদী হাসান শ্রাবণকে খেলিয়েছিলেন কোচ ক্যাবরেরা। তবে আজ সিঙ্গাপুরের বিপক্ষে আবারও মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন তিনি। ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন গোলরক্ষক হলেও টানা দুই ম্যাচে ভিন্ন দুইজনকে সুযোগ দিচ্ছেন তিনি।

প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত না খেলা শ্রাবণকে সুযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন কোচ। অন্যদিকে ক্লাব পর্যায়ে দারুণ পারফরম্যান্স করা জিকোকে এবার প্রাথমিক দলেই রাখা হয়নি।

ভিয়েতনাম ম্যাচে ডিফেন্সে থাকা শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন এই ম্যাচেও রয়েছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া গত ম্যাচের মতো এই ম্যাচেও নেই একাদশে। সোহেল রানা সিনিয়র হাতে অধিনায়ককের আর্মব্যান্ড এই ম্যাচেও। সামিত সোম, জায়ান আহমেদ আক্রমণে থাকলেও মিরাজুলের পরিবর্তে মোরসালিনের ওপর ভরসা রেখেছেন। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা ও নির্ভরতার বড় প্রতীক হামজা দেওয়ান চৌধুরি গত ম্যাচের মতো এই ম্যাচেও রয়েছেন শুরু থেকেই।

বাংলাদেশ একাদশ:

মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।