মেহেরপুরে ব্যবসায়ীর বাড়িতে মিললো ৫ হাজার লিটার ডিজেল

মেহেরপুর সদর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় ‘ফারাবি ট্রেডার্স’–এর স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে (৪০) আটক করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বুড়িপোঁতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামে আবু সুফিয়ানের বাড়িতে এ অভিযান চালায় সদর থানা পুলিশ। আটক আবু সুফিয়ান ওই গ্রামের সুরত আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারের সার, কীটনাশক ও ডিজেলের খুচরা ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে সার, কীটনাশক ও ডিজেলর ব্যবসা করছেন। নিয়মিতভাবেই তার দোকানে ডিজেল সরবরাহ করা হতো এবং সেচকাজের জন্য কৃষকেরা তার কাছ থেকেই ডিজেল নেন। তবে হঠাৎ পুলিশের অভিযানে তাকে আটক ও তেল জব্দের ঘটনায় অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তার প্রতিষ্ঠানে থেকে ২৭টি ব্যারেলে প্রায় ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তিনি জ্বালানি মজুত বা বিক্রির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

আটক আবু সুফিয়ান দাবি, তিনি অবৈধ মজুতদার নন। কৃষি মৌসুমে কৃষকদের চাহিদা পূরণ ও নিয়মিত ব্যবসার অংশ হিসেবেই তিনি তেল সংগ্রহ করেছিলেন। তবে প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদনপত্র না থাকার বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

এর আগে গতকাল মঙ্গরবার দুপুরে একই ইউনিয়নের ফতেপুর গ্রামে জেলা প্রশাসনের অভিযানে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও সদর থানায় অবৈধ মজুতের অভিযোগে মামলা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করেছিলেন আবু সুফিয়ান। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।