জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সঠিকভাবে মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়কেও মানতে হবে এবং তা বাস্তবায়নের জন্য সরকারকে সক্রিয়ভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, বিএনপির ৩১ দফাতেই সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে সংবিধান সংশোধনের কোনো উল্লেখ নেই। গণভোট নাকি সংবিধানে নেই—যা ঠিক নয়। জিয়াউর রহমানও সংবিধানে না থাকা অবস্থায় গণভোট করেছিলেন। 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে, বিএনপি তা চাইছে না, এজন্য কিছু অধ্যাদেশ বাদ দেওয়া হচ্ছে।

এ বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির রাজনীতি হীনমন্যতায় ভরপুর। দলটি সনদ বাস্তবায়ন করবে না। আওয়ামী লীগ ১৭ বছরে যেই ফ্যাসিবাদ দেখিয়েছে, বিএনপি ১৭ দিনে তা অনুকরণ করছে। তারা এখনো বাহাত্তরের সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

তিনি আরও যোগ করেন, বিএনপি আর এক্সক্লুসিভ রাজনীতি করতে পারছে না। আওয়ামী লীগ ও মাইনরিটিদের ভোটে সরকার গঠিত হয়েছে। ৫৫ বছর পর দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চাইলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে এবং অন্য সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিতে হবে।