রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় রাত সাড়ে ৮ টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত।
বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভিজেছে নগরজীবন। বৃষ্টির সঙ্গে অনেক এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। একই সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের বিকট শব্দ শোনা যায়। আকস্মিক এ আবহাওয়ায় পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।
এদিকে রাত ১টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।