বরিশালে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম সরদার (৩৭)। 

সোমবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর কাউনিয়া মড়কখোলার পুল সংলগ্ন তেলের দোকান থেকে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায় এক সন্তানের জনক রিয়াজুল ইসলাম সরদারকে। নিহত রিয়াজুল বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডস্থ মাতাশার কলোনীর বাসিন্দা মৃত শামসুল হক সরদারের পুত্র। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি মড়কখোলার পুল সংলগ্ন এলাকায় বসবাসের পাশাপাশি বসত ঘরের নীচ তলায় জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন।

নিহতের ভাই আব্দুর রাজ্জাক সরদার জানান, তার ভাই ছয় মাস পূর্বে ভাড়ায় চালাবার জন্য একটি মোটরসাইকেল ক্রয় করেন। তেলের ব্যবসার পাশাপাশি মাঝে মধ্যে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সোমবার রাত তিনটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ঘর থেকে ডেকে বের করে মোটরসাইকেল ভাড়ায় নেয়।

আরও পড়ুন : বিয়ের কথা স্বীকার করে শোনালেন প্রেম কাহিনী

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এসআই অরবিন্দু বিশ্বাস বলেন, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের তালতলা এলাকার উঁচু পোল সংলগ্ন ডোবার মধ্যে রিয়াজুল ইসলাম সরদারের লাশ দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। 

এসআই অরবিন্দু বিশ্বাস আরও বলেন, রিয়াজুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/কেআই