জামালপুরের মাদারগঞ্জের পৌর এলাকায় বৈদ্যুতিক সেচ মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়েছেন স্বামী আবু কাশেম (৪৫)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ মোটর চালু করতে যান রিতা বেগম। এ সময় তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ রিতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া আক্তার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। তবে হসপিটালে পৌঁছানোর আগেই রিতা নামে একজনের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।