ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না, তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোশফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মিরপুরের মুকুল ফৌজ মাঠে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়ক দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসক জানান, আমরা বিকল্প স্থানে ব্যবসার ব্যবস্থা করে দেব। তবে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না– এটি মাথায় রেখেই আপনাদের পরবর্তী পরিকল্পনা করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে প্রভাবশালী মহলের মাধ্যমে ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়া হতো কিন্তু এখন সেই সুযোগ বন্ধ করা হবে। ব্যবসায়ীদের যে সমস্যা রয়েছে সেসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।
তিনি বলেন, আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি মানবিক কারণেই। চাইলে আমরা ফোর্স নিয়ে উচ্ছেদ করতে পারতাম কিন্তু তা করিনি। আমরা চাই আমাদের এলাকার মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করুক।
সভায় হকাররা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে বিপদে পড়বেন। তারা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা, পর্যাপ্ত সময় এবং ব্যবসা উপযোগী স্থান বরাদ্দের দাবি জানান।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক আশ্বস্ত করেন, আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বের করা হবে। এজন্য ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগ হিসেবে ব্যবসায়ীদের টোকেন দেওয়ার কথাও জানানো হয়। এই টোকেন থাকলে কেউ চাঁদা দাবি করলে তা না দেওয়ার পরামর্শ দিয়ে প্রশাসক বলেন, এমন ঘটনা ঘটলে সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে হবে।