ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোমেট্রিওসিস রোগের সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে পৃথকভাবে এন্ডোমেট্রিওসিস ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ও ভাইস প্রিন্সিপাল ডা. মুসাররাত সুলতানা হাসপাতালের পরিচালক এবং বিভাগের চিকিৎসকদের উপস্থিতিতে এ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের প্রতি রোববার ও মঙ্গলবার এই সেবা চালু থাকবে। এন্ডোমেট্রিওসিস একটি দীর্ঘমেয়াদি স্ত্রী রোগ, যার ফলে তীব্র পেলভিক ব্যথা, বন্ধ্যাত্ব এবং রোগীর জীবন মানের অবনতি ঘটে। এ রোগের সঠিক ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে এ ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকের আওতায় রোগীরা এক ছাতার নিচে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বিত সেবা (Multidisciplinary Approach) পাবেন। এখানে গাইনোকোলজিস্ট, ফার্টিলিটি স্পেশালিস্ট, রেডিওলজিস্ট, পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং সাইকোলজিস্ট একসঙ্গে কাজ করবেন।
ক্লিনিকটির প্রধান উদ্দেশ্য হলো এন্ডোমেট্রিওসিসের দ্রুত ও সঠিক নির্ণয়, রোগীর ব্যথা নিয়ন্ত্রণ ও জীবনমান উন্নয়ন, বন্ধ্যাত্বের কার্যকর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ফলো-আপের মাধ্যমে রোগের পুনরাবৃত্তি (Recurrence) প্রতিরোধ করা।