নিলামে ৮০ টাকায় জ্বালানি তেল কিনে ২৫০ টাকায় বিক্রি, ধরা হাতেনাতে

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে এক খুচরা বিক্রেতাকে ভাটারায় গ্রেফতার করেছে পুলিশ। জাকির মোল্লা নামের ওই বিক্রেতা নিলামে ৮০ টাকায় লিটার দরে তেল কিনে ২০০–২৫০ টাকায় বিক্রি করছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকার অনুমোদিত দাম লিটার প্রতি ১২০ টাকা হলেও, জাকির মোল্লা তা ছাড়িয়ে বিক্রি করছিলেন।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে তেলের অবৈধ মজুত ও বিক্রির বিষয়ে নজরদারি চলছিল। তদন্তে দেখা গেছে, তিনি নিলামে কেনা ৭০০–৮০০ লিটার ডিজেল ও অকটেন তেল অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলেন।

এরপর এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে তেলসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

ওসি মাজহারুল ইসলাম জানান, জাকির মোল্লার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হবে।