জয়ের রাতে রেফারির ওপর চটেছেন নেইমার

অম্লমধুর এক সময় পার করছেন নেইমার। মাঠে নিয়মিত খেলার সুযোগ মিলছে না, আর সুযোগ পেলেও পারফরম্যান্সে নেই আগের সেই ধারাবাহিকতা। ব্রাজিলিয়ান সিরি-আ’তে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড। কার্ড নিষেধাজ্ঞার কারণে আগামী ম্যাচে দর্শক সারিতেই থাকতে হচ্ছে তাকে।

রেমোর বিপক্ষে ম্যাচে গোল না পেলেও সান্তোসের দুটি গোলেই বড় অবদান রেখেছেন নেইমার। ম্যাচের ৪০ মিনিটে তার বাড়ানো নিখুঁত পাস থেকে বল জালে জড়ান সতীর্থ থাচিয়ানো। ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে নেইমারের পাস থেকে গঞ্জালো এসকোবার ও ময়জেসের রসায়নে দ্বিতীয় গোলটি পায় সান্তোস। তবে জয়ের আনন্দ ম্লান হয় ৮৭ মিনিটে, যখন প্রতিপক্ষের ফাউলের প্রতিবাদ করতে গিয়ে রেফারি সাভিয়ো পেরেইরা সাম্পাইওর কাছ থেকে হলুদ কার্ড দেখেন নেইমার।

ম্যাচ শেষে রেফারি স্যাভিও খেলোয়াড়দের সম্মান করতে জানেন না বলে অভিযোগ করে নেইমার বলেন, ‘স্যাভিও এমনই। তিনি খেলায় তারকা হতে চান। খেলোয়াড়দের তিনি সম্মান করতে জানেন না। তিনি কথা বলতে চান না। সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে চান তিনি।’

এদিকে সামনেই বিশ্বকাপ। ১৮ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ইএসপিএন-এর সূত্র মতে, আনচেলত্তি নাকি ইতোমধ্যেই দল চূড়ান্ত করে ফেলেছেন। এমন পরিস্থিতিতে নেইমারের জন্য প্রতিটি ম্যাচই ছিল প্রমাণের মঞ্চ। তবে আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ১৩ নম্বরে থাকা সান্তোসকে।