দক্ষিণ লেবাননে বিমান বাহিনীর এক জোরালো হামলায় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ১৫ জন সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের ১৪৬তম ডিভিশন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি দলকে শনাক্ত করে, যারা ইসরায়েলের অভ্যন্তরে অ্যান্টি-ট্যাংক মিসাইল বা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বিমান বাহিনী ওই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে দলটিকে ‘নির্মূল’ করে।
হামলার পর ইসরায়েলি স্থল সেনারা ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দের দাবি করেছে। যার মধ্যে রয়েছে বেশ কিছু রাইফেল, গ্রেনেড ও সামরিক সরঞ্জাম। তবে এই হামলার বিষয়ে বা প্রাণহানির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিত হওয়া যায়নি।