জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করার প্রস্তাব এনেছে বাহরাইন। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভোটাভুটি হবে। প্রস্তাবে বলা হয়েছে, জাহাজ চলাচল শুরু করতে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান।
তবে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রস্তাবের প্রাথমিক খসড়ায় যা ছিল তার থেকে অনেকটাই তরলীকরণ করা হয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, হরমুজে জাহাজ চলাচলের জন্য অনুমোদিত দেশগুলি 'প্রয়োজনীয়' ব্যবস্থা নিতে পারবে। জাতিসংঘের ভাষায় এই 'প্রয়োজনীয় ব্যবস্থার' আওতায় সামরিক পদক্ষেপও পরে।
নতুন খসড়ায় বলা হয়েছে, হরমুজ প্রণালি এবং তার পার্শ্ববর্তী জলে জাহাজ চালনার জন্য এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রণালি দিয়ে আগামী ছয় মাসের জন্য যাতায়াত নিশ্চিত করতে সমস্তরকম 'রক্ষণাত্মক' এবং 'পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' ব্যবস্থা গ্রহণ করা যাবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য মোট ১৫টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ামেরিকা, চীন, ফ্রান্স এবং রাশিয়া।
এই স্থায়ী সদস্যরা প্রয়োজনে নিজেদের স্বার্থে বা মিত্র দেশের স্বার্থে যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। প্রস্তাবের প্রাথমিক খসড়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চীন এবং রাশিয়া।