ফুটবল মাঠে হরহামেশায় বিশৃঙ্খলা ঘটে। কিন্তু এবার পেরুর ঘরোয়া লিগ কোপা পেরুতে যা ঘটলো, তা রীতিমতো চোখ কপালে উঠার মতো। পানির বোতল হাতে নিয়ে রেফারির ওপর আক্রমণ করতে আসেন এক কোচিং স্টাফের সদস্য। রেফারির এক কারাতে কিকে কুপোকাত হয়ে যান সেই আক্রমণকারী।
ম্যাচটি চলছিল স্পোর্ট হুয়াকুইলা এবং মাগডালেনা সিইডিইসির মধ্যে। ম্যাচের ৮২তম মিনিটে রেফারি লুইস আলেগ্রে যখন একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ডাগআউট থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হঠাৎ করেই দলের একজন সহকারী কোচ মাঠে ঢুকে পড়েন এবং একটি প্লাস্টিকের বোতল নিয়ে রেফারির ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় আক্রমণকারী কাছে আসার আগেই রেফারি লুইস আলেগ্রে আত্মরক্ষার্থে এক কারাতে কিক মারেন।
রেফারির সেই নিখুঁত কিকে কুপোকাত হন ওই স্টাফ সদস্য। এই অকল্পনীয় কাণ্ড দেখে স্তব্ধ হয়ে যান মাঠে থাকা খেলোয়াড় ও দর্শকরা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রেফারি ঠিকই করেছেন।
তবে টুর্নামেন্ট কমিটির মতে, রেফারির কাজ শৃঙ্খলা রক্ষা করা, নিজে সহিংসতায় জড়ানো নয়। ফলে ওই সহকারী কোচের পাশাপাশি রেফারি লুইস আলেগ্রে নিজেও পড়তে পারেন বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে।