ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এটিএম আজহার

শুধু ক্ষমতার হাত বদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর ভাটারার স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। যা জুলাই বিপ্লব ও জুলাই চেতনার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মূলত, সরকার এখন জনগণের সাথে রীতিমত প্রতারণার আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।’

এটিএম আজহার বলেন, ‘জুলাই সনদ জাতীয় ঐক্যমতের ভিত্তিতের প্রণীত হয়েছে। এজন্য দীর্ঘ সময় সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে তা প্রস্তুত করা হয়েছে। একই অর্ডারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও শুধু গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যা সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়।’

তিনি বলেন, ‘পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, আর কারো হবেও না।’ তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।

তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘জনআস্থার অংশ হিসাবে গত নির্বাচনে ব্যাপক ভোট বিপ্লব হয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনতার রায়ের পুরোপুরি প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি। তারপরও জামায়াত এককভাবে ৬৮ আসনে বিজয়ী হয়েছে। ভবিষ্যতে আমরা যদি ভোগের মানসিকতা বাদ দিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাহলে  জনগণ আমাদেরকেই বেছে নেবে।’