চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

হার দিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ শুরু করেছিল বাংলাদেশ। জোড়া গোলে এগিয়ে থাকার পরও থাইল্যান্ডের কাছে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। 

শনিবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ ভালো লড়াই করে বাংলাদেশের মেয়েরা। গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। এতে গোলশূন্য থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে চীনকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। বিরতি থেকে ফেরার এক মিনিট পরই গোলের দেখা পায় চীন। ডান প্রান্ত থেকে করা আক্রমণে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে দিলে সহজ প্লেসিংয়ের বল জালে জড়ান চাইনিজ মিডফিল্ডার ইউও।  

বাংলাদেশ গোল সমতা আনার মতো আক্রমণ বা সুযোগ তৈরি করতে পারেনি। উলটো ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ওয়াং। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের শিষ্যদের। 

প্রথম দুই ম্যাচ হারলেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা এখনও জিইয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচ পর আফঈদাদের পয়েন্ট শূন্য ও গোল ব্যবধান -৩। ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলে গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতে পারে। তখন অন্য দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে এগিয়ে থাকলে কোয়ার্টারে খেলবে বাংলাদেশ। যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস।