নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি ডিএসসিসির প্রশাসকের

আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

তিনি বলেছেন, যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, কেবল তারাই এই শহরের ভোটার হবেন; অন্য কোথাও থেকে এসে ঢাকায় ভোট দেওয়ার সুযোগ আর থাকতে পারবে না।

শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম অভিযোগ করে বলেন, ঢাকা শহরের বাড়িগুলোতে যেখানে সাত-দশটি ভোট ছিল, সেখানে হঠাৎ করে ১৫০টি ভোট হয়ে গেছে। অনেক বাড়িতে খোদ বাড়িওয়ালাই জানেন না কীভাবে এই বিপুলসংখ্যক ভোটার তালিকায় যুক্ত হলেন। আমরা চাই, আপনি যেখানে থাকেন সেখানেই ভোটার হোন। ঢাকায় থাকবেন না, ট্যাক্স দেবেন না, শহরের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই– অথচ এখানে ভোটার তালিকায় নাম রাখবেন, এটা হতে পারে না।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা ভোটের বাইরে কিছু চাই না। বাংলাদেশে যখনই নিরপেক্ষ ভোট হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে।