১৮ বছরে মুক্তি মেলেনি

বাদল ফরাজীর মুক্তির দাবিতে ৬ এপ্রিল মানববন্ধন

১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন আহ্বান করা হয়েছে। 

বাদল ফরাজীর মুক্তির এই দাবি—সৌদি আরব, দুবাই, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রশ্ন, নাম বিভ্রাটের কারণে একজন মানুষ কেন বছরের পর বছর কারাগারে অবস্থান করবেন।

৬ এপ্রিলের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন ‘বাদলের কারাবাস’ গ্রন্থের লেখক রাহিতুল ইসলাম। তিনি জানান, এই মানববন্ধন থেকে সরকারের কাছে বাদল ফরাজীর মুক্তির দাবি জানানো হবে। আইনি প্রক্রিয়া শেষে বাদল ফরাজী পরিবারের কাছে ফিরে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মানবিক সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’ এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা পাভেল বাবু জানান, বাদল ফরাজি কোনো অপরাধী নন, তিনি পরিস্থিতির শিকার এক নিরপরাধ মানুষ। নামের আংশিক মিল থাকায় তাকে যেভাবে ১৮ বছর ধরে আটকে রাখা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। 

উল্লেখ্য, ২০০৮ সালে দিল্লির একটি হত্যা মামলায় নাম বিভ্রাটের কারণে বাদল ফরাজীকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। চার বছর আগে তার সাজা শেষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির জটিলতায় তার মুক্তি প্রক্রিয়া আটকে আছে। এই পরিস্থিতিতে মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও নাগরিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।