পুলিশ পরিচয়ে প্রতারণা

আসামি তুলে আনার কথা বলে নতুন ইজিবাইক নিয়ে লাপাত্তা ৩ যুবক

ময়মনসিংহের নান্দাইলে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক চালকের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ইজিবাইক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাইফুলের ভাষ্য, আসামির গ্রেপ্তারের কথা বলে কৌশলে তার কাছ থেকে ৫ দিন আগে কেনা ইজিবাইকটি হাতিয়ে নেওয়া হয়।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ দিকে নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। ইজিবাইক খোয়ানোর পর চালক দুপুর বেলায় থানায় গিয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন। সর্বশেষ রোববার বিকেল পর্যন্ত ইজিবাইকটি উদ্ধারের তথ্য জানা যায়নি।

সাইফুল ইসলামে জানান, গত পাঁচদিন আগে দুই লাখ ২৫ টাকা মূল্যের ইজিবাইকটি ক্রয় করেন। এর মধ্যে নগদে এক লাখ ১০ হাজার টাকা জমা দেন। বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার কথা ছিল। সাত সদস্যের পরিবারের ভরণপোষণ ইজিবাইকের ওপর নির্ভরশীল ছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে নান্দাইল পৌরশহরের পুরাতন বাজারে যান সাইফুল। সেখানে যাওয়ার পর এক ব্যক্তি নিজেকে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেন এবং জানান গ্রেপ্তার এক আসামিকে চিকিৎসার জন্য নান্দাইল মডেল থানার সামনে থেকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। ওই ব্যক্তির কথায় তিনি অপর এক অপরিচিত এক ব্যক্তিকে ইজিবাইকে উঠিয়ে নান্দাইল থানার সামনে নিয়ে আসেন। তখন ইজিবাইকে অবস্থান করা ব্যক্তিটি মোবাইল ফোনে কথা বলতে শুরু করেন। কথা বলা শেষ করে ওই ব্যক্তি জানান, এখানে নয় সামনে অন্য এক জায়গায় থানার অফিসার আসামিকে ধরে রেখেছে। তার কথামতো চালক সাইফুল নান্দাইল পৌরসভার নতুন বাজার অতিক্রম করে কিছুটা দূরে গিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পশ্চিম দিকে ইজিবাইকটি দাঁড় করান। তখন সেখানে আরও দুজন লোক এসে বলেন, আসামি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে কয়েকজন মিলে ধরাধরি করে আনতে হবে। পরে ওই ব্যক্তিরা চালককে অনুরোধ করেন তাদের একটু সহায়তা করার জন্য। চালক ইজিবাইকটি রেখে ওই দুই ব্যক্তির সঙ্গে মহল্লার ভেতরে যান। সেখানে দুজনকে রেখে ফিরে এসে দেখতে তার ইজিবাইকটি নেই। পরে মহল্লায় গিয়ে ওই দুই ব্যক্তিকেও খুঁজে পাননি। তখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইজিবাইকটির সন্ধান পাওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে।