মানবতাবোধকে বুকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্ব-উদ্যোগী যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে শতাধিক পথকলির মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পথকলিদের সঙ্গে থাকা তাদের অভিভাবকদেরও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্প্রতি (১৮ মার্চ) মিরপুর-২ নম্বর সেকশনের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান বিন শফিক (সোহাগ)।
অনুষ্ঠানে স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মো. শামীম এবং কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসিব মুজতাবাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা পথকলিদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন।
এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্ব-উদ্যোগী যুব সংঘের সদস্যদের ধন্যবাদ জানান ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক জাহাঙ্গীর আলম মুন্না।
স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, “সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। সীমিত সামর্থ্যের মধ্যেও পথকলি ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করি। তাদের মুখের একটুখানি হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।