চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা। ক্লাবটির সহকারী কোচ পেপ লিন্ডার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়বেন তিনি।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারানোর পর লিন্ডার্স বলেন, “প্রতিটি ভালো গল্পেরই একটা শেষ আছে। সামনে মাত্র ছয় সপ্তাহ- আশা করি এই সময়টা সে উপভোগ করবে এবং প্রাপ্য বিদায়টা পাবে।”
২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ডে ম্যান সিটিতে যোগ দেন সিলভা। এরপর ৯ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫০ ম্যাচ। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি।