ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তামান্না জেসমিন রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর গত বছরের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।