টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপন করা একটি টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল স্থাপনের পর থেকেই পানির সঙ্গে তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল এবং পানি ওঠার সময় বুদবুদ শব্দ হচ্ছিল। এ কারণে পরিবারটি পানি ব্যবহার করতে পারছিল না।

পরে বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আব্দুল মতিন বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তারা। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করলে আগুন জ্বলে ওঠে। বর্তমানে তারা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।