বগুড়া স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, আছে মহাপরিকল্পনা

দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম। প্রায় দুই যুগ হতে চললো আন্তর্জাতিক ম্যাচ হয় না। এমনকি ঘরোয়া লিগ হলেও মাঠের অবস্থা বেশ শোচনীয়। এবার বগুড়া মাঠ নিয়ে মহাপরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া এই স্টেডিয়ামটি পরিদর্শন করতে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন বগুড়ায়, তিনিও যাচ্ছেন। বগুড়াতে আমাদের অন্যতম একটা সেরা খেলার স্থান ছিল, সেটা আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। সেটা পুনরুদ্ধার বা একটা মহাপরিকল্পনা হাতে নিয়ে আমাদের নারীদের বিপিএল খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে।’

সরেজমিন পর্যবেক্ষণের জন্য আগামীকাল বগুড়ায় যাওয়ার কথা রয়েছে উল্লেখ করে বুলবুল আরও বলেন, ‘সকলেই কালকে সেখানে যাবে এবং একটা মহাপরিকল্পনা তারা কীভাবে বাস্তবায়ন করতে পারে, সেটা কালকে (বিবেচনা করা) হবে। আর আমরা সত্যিই কৃতজ্ঞ জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করে সবসময়। আমরা তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ।’

২০০৬ সালের ৫ ডিসেম্বর বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়। এই স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এছাড়া এই স্টেডিয়ামে হওয়া পাঁচটি ওয়ানডের মধ্যে চারটিতেই জিতেছে বাংলাদেশ।