সময়সীমা শেষ হওয়ার আগে ‘ব্যাপক আলোচনা ও দরকষাকষি’ চলছে: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে ‘ব্যাপক আলোচনা ও দরকষাকষি’ চলছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাবে কি না—এ বিষয়ে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন। সেই সময় পার হলেই পরিস্থিতি স্পষ্ট হবে।

তবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা চলবে বলে তিনি উল্লেখ করেন এবং একটি ইতিবাচক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি এটা চান না। কিন্তু সম্ভবত এটি হতে যাচ্ছে।

এর আগেও ট্রাম্প ইরানকে উড়িয়ে দিয়ে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার কথা বলেছিলেন এবং এ ধরনের হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়েছিলেন।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) আজ মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে।

সেই সময়সীমা শেষ হওয়ার আগে ইতিমধ্যে ইরানের বিভিন্ন রেলসেতু, সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু হয়েছে।

সূত্র: আল–জাজিরা।