চোর পুলিশ খেলে জাটকা নিধন বন্ধ এবং ইলিশ সম্পদ রক্ষা করা যাবে না বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে নদীভিত্তিক এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, চোর পুলিশ খেলে ঝাঁটকা নিধণ বন্ধ এবং ইলিশ সম্পদ রক্ষা করা যাবে না প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করতে চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে ঢেলে সাজানো হবে।
তিনি আরও বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
এ সময় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ আরও উল্লেখ করেন, এই সরকার ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।