ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট: গ্রেপ্তারি পরোয়ানা জারি, লাইক-শেয়ারকারীরাও নজরদারিতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে ওই পোস্টে লাইক, শেয়ার বা অবমাননাকর মন্তব্য করেছেন—এমন ব্যক্তিদেরও শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত ডিভাইস জব্দের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার এই আদেশ প্রদান করে। অভিযুক্তকে ধরতে তার রাজধানীর মিরপুরের পশ্চিম সেনপাড়া এলাকায় অবস্থিত বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি; তিনি বর্তমানে পলাতক। তবে সেখান থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ট্রাইব্যুনালের তথ্যানুযায়ী, এম এইচ পাটোয়ারী বাবু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির-এর বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা না গেলেও তার বাসা থেকে জব্দ করা স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনে তার ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এই পোস্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত অন্তত ৫০টি ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালানো হচ্ছে।