যশোরে কোটি টাকার ভোজ্য তেল জব্দ

যশোরে অবৈধভাবে ভোজ্য তেল মজুত রাখার দায়ে মেসার্স নওয়াব মিলস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের নীলগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৬ যৌথভাবে এই অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ঐ গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে। মিলটিতে ২১১ ব্যারেল তেল মজুত ছিল, যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল ও সুপার ওয়েল ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।

তিনি আরও জানান, ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ তেল মজুদ করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়।