গলাচিপায় ৬৫ বছর বয়সী ছিনতাইকারীকে গণধোলাই

পটুয়াখালীর গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর গলাচিপার পৌর এলাকার সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই ফরিদা বেগম নামে এক নারীর টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী। এ সময় উপস্থিত জনতার হাতে গনধোলাইয়ের শিকার হন খালেক মিয়া (৬৫) নামে এক ব্যক্তি। খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

ভুক্তভোগী ফরিদা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে অগ্রণী ব্যাংক শাখা থেকে ৯৫ হাজার টাকা তুলে বের হয়ে রাস্তায় নামেন। তখন খালেক মিয়া পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার পিছনে ‘‘গু’’ (মল) লেগেছে।’

এ কথা শুনে তিনি পেছনে তাকায় এবং খালেক এই সুযোগে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। তার চিৎকারে আশে পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।বর্তমানে খালেক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।