গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আব্দুল মতিন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক। মঙ্গলবার বিকেলে উপজেলার মোক্তারপুর এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকৃত আব্দুল মতিন জেলার কাপাসিয়া উপজেলার হাইলজোড় গ্রামের মৃত আব্দুল মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ মোক্তারপুর পয়েন্টে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহের প্যান্টের পকেটে একটি মোবাইল ছিলো। সেই মোবাইলের সিম কার্ড অন্য মোবাইলে ট্রান্সফার করে সিম কার্ডে থাকা ফোন বুকের নম্বরে কথা বলে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে মরদেহটি অর্ধগলিত থাকায় শরীরে আঘাত আছে কি না তা শনাক্ত করা যায়নি। ৩/৪ দিন আগে নদীতে পড়ায় তা পঁচে গলে গেছে।
আরও পড়ুন: ‘ডেঙ্গু প্রতিরোধে ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়’
এসআই নাজমুল হক নিহতের ছেলে আরিফ হোসেনের (২৬) বরাত দিয়ে জানান, গত ২ আগস্ট বিকেলে বাড়ি থেকে শ্রীপুরের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন আব্দুল মতিন।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা এখনো হয়নি। তবে তারা মরদেহের দাফন সম্পন্ন করে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু