পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সাংবাদিক প্রয়াত জি.এম. ইয়াকুবের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা মো. রেজোয়ান সিনার বিরুদ্ধে। 

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জি.এম. ইয়াকুবে উপজেলার পশ্চিম ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রেজোয়ান সিনার ওই গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। 

অভিযোগ অনুযায়ী, রেজোয়ান গত দুই বছর ধরে মুক্তিযোদ্ধার প্রায় ১ একর ৫৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভোগ করছেন।

মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া খান (৬৩) অভিযোগ করে বলেন, ঢাকায় বসবাসের সুযোগ নিয়ে রেজোয়ান তাদের গ্রামের সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন। শুধু দখলই নয়, ওই জমিতে পুকুর খনন করে মাছ চাষও করছেন রেজোয়ান। জমি ফেরত চাইলে উল্টো তিন লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা এর সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের জমি দখলের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করে রেজোয়ান বলেন, আমার বিরুদ্ধে আনা জমি দখল ও টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন এমন অভিযোগ করা হচ্ছে, সেটিও আমি বুঝতে পারছি না।

মুক্তিযুদ্ধা জি.এম. ইয়াকুব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক সংবাদ-এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ মে তিনি মৃত্যুবরণ করেন।